শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রাম শহরের ২ নম্বর গেট এলাকা অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা দেড়টায় এই কর্মসূচি শুরু হয়। বেলা সাড়ে তিনটায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই এলাকায় অবরোধ অব্যাহত ছিল। এর ফলে নগরের অন্যতম ব্যস্ত সড়ক সিডিএ অ্যাভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং শত শত যানবাহন আটকে পড়ে।
এর আগে বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি ছিল সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা এবং প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি প্রদানসহ তিন দফা দাবি। দাবি পূরণের আশ্বাসে বেলা একটার দিকে তারা বোর্ড এলাকা ত্যাগ করলেও পরবর্তীতে ২ নম্বর গেটে পুনরায় বিক্ষোভ শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকার অনেক পরীক্ষার্থী দুর্যোগের কারণে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এই পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদন জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি, যার ফলে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তারা চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি সারা দেশে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া বাকলিয়া কলেজের পরীক্ষার্থী মো. আবরার হোসেন বলেন, ‘আমাদের দাবি না মানায় আমরা সড়কে নামতে বাধ্য হয়েছি।’






