আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে মেইল অ্যাপের কার্যক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর একাধিক নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এই পরিবর্তনগুলো কার্যকর হলে আইফোন ব্যবহারকারীরা এখনকার চেয়ে অনেক দ্রুত গতিতে নির্দিষ্ট ই-মেইল খুঁজে পাওয়া, নতুন বার্তা লেখা এবং তথ্যের ব্যবস্থাপনা করতে পারবেন।
অ্যাপলের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে ই-মেইল অনুসন্ধান প্রক্রিয়ায়। বর্তমানে নির্দিষ্ট বিষয় এবং পাঠানোর সময়ের ওপর ভিত্তি করে ফলাফল দেখানো হলেও নতুন সংস্করণে ব্যবহারকারীর উদ্দেশ্য ও অনুসন্ধানের প্রেক্ষাপট বিশ্লেষণ করে ফলাফল প্রদর্শন করবে মেইল অ্যাপ। এর ফলে প্রয়োজনীয় ই-মেইল দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে। অ্যাপলের দাবি, নতুন এই অনুসন্ধান ব্যবস্থা ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে দ্রুত বিস্তারিত প্রাসঙ্গিক ফলাফল দেখাতে সক্ষম। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক কোনো কেনাকাটার তথ্য খুঁজলে নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রচারমূলক ই-মেইলের পরিবর্তে সর্বশেষ অর্ডার নিশ্চিতকরণের বার্তাগুলো সামনে আসবে।
মেইল অ্যাপে যুক্ত হচ্ছে ‘আস্ক সিরি’ সুবিধাও। এই ফিচারের মাধ্যমে কোনো ই-মেইল নির্বাচন করে সিরিকে নির্দেশ দিলেই ওই ই-মেইলের সারাংশ তৈরি হবে। পাশাপাশি পার্সেলের অবস্থান অনুসরণ এবং উড়োজাহাজে ভ্রমণসংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাবে। শুধু তথ্য প্রদান নয়, মেইল অ্যাপের ভেতরেই বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবে সিরি। এজন্য অ্যাপটিতে ‘কল কনটেক্সট’ নামের একটি সুবিধা যুক্ত করা হচ্ছে, যার মাধ্যমে মেইল ও ফোন অ্যাপ পরস্পরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ফলে কোনো বিমান সংস্থা, অনলাইন বিক্রেতা বা অন্য কোনো প্রতিষ্ঠানে ফোন করলে সংশ্লিষ্ট ই-মেইল থেকে ফোন নম্বর এবং অর্ডারের বিবরণসহ প্রয়োজনীয় তথ্য মেইল অ্যাপেই দেখা যাবে।
এছাড়া ‘কনটেক্সচুয়াল সাজেশনস’ সুবিধাতেও পরিবর্তন আনা হচ্ছে, যা ই-মেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেবে।
লেখালিখির মানোন্নয়নে মেইল অ্যাপে ‘রাইট উইথ সিরি’ নামের একটি রাইটিং অ্যাসিস্ট্যান্ট যুক্ত করছে অ্যাপল। কি-বোর্ডের ওপরে থাকা এই সুবিধার মাধ্যমে সম্পূর্ণ ই-মেইল লেখা, বিদ্যমান লেখা নতুনভাবে সাজানো, ভিন্ন ভাষাশৈলীতে পুনর্লিখন এবং লেখার মান উন্নত করার পরামর্শ পাওয়া যাবে।
অ্যাপল জানিয়েছে, ভাষার ধরন ও লেখার অভ্যাস বিশ্লেষণ করে রাইটিং অ্যাসিস্ট্যান্টটি ব্যবহারকারীদের মতোই বার্তা লিখে দেবে। ই-মেইল লেখার সময় বানান ও ব্যাকরণগত ভুলও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে দেবে মেইল অ্যাপ। পাশাপাশি ‘স্মার্ট রিপ্লাই’ সুবিধাকেও আরও উন্নত করা হচ্ছে, যার ফলে মাত্র এক ট্যাপেই ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন অনুযায়ী সম্ভাব্য উত্তর লেখা যাবে।