ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল ‘স্টার্টআপে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেলের বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্য নিয়ে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য মোর্শেদ হাসান খান। ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সফল স্টার্টআপ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ‘গল্প নয়, সত্যি’ শীর্ষক একটি পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্টার্টআপ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে নির্বাচিত ছয় উদ্যোক্তার মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয় এবং প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্যোক্তাদের জন্য একটি ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এই একক প্ল্যাটফর্মের মাধ্যমেই সরকারি সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সংযোগ এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা পাওয়া যাবে।






