রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতার চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়।
.সাময়িক বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন উপজেলার রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন ও মদাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রহমানের সই করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটি গত রোববার উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়।
.গতকাল সোমবার থেকে তাঁরা কোনো দাপ্তরিক দায়িত্ব পালন করছেন না। ইউপির স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।মেজবাহ উদ্দীন, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগটি তদন্তে প্রমাণিত হয়েছে। বিষয়টি ইউপি ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(খ) ও ৩৪ (ঘ) ধারায় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। একই আইনের ৩৪(১) ধারার ক্ষমতাবলে তাঁদের সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
.বিষয়টি নিশ্চিত করে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন আজ মঙ্গলবার সকালে মুক্তকণ্ঠকে বলেন, বরখাস্তের প্রজ্ঞাপন রোববার বিকেলে উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে দুই চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। গতকাল সোমবার থেকে তাঁরা কোনো দাপ্তরিক দায়িত্ব পালন করছেন না। ইউপির স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।






