গার্লস কলেজে শিক্ষকতা করার কারণে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলটির নতুন সেক্রেটারি হিসেবে কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হককে মনোনীত করা হয়েছে।
সোমবার রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিনও মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে (রুকন) দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে মো. এনামুল হককে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আজ সোমবার জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা জামায়াতের আমির এ কে এম আলী মহসিন মুক্তকণ্ঠকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হিসেবে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সারা দেশে এমন সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাৎক্ষণিক সর্বসম্মতিক্রমে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শহর জামায়াতের আমির এনামুল হককে।’
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক। দলীয় পদ হারানোর প্রসঙ্গে তিনি মুক্তকণ্ঠকে বলেন, জেলা জামায়াতের সেক্রেটারি পদ পাওয়ার আগেই তিনি ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি আরও জানান, তবে গঠনতন্ত্রের এই ধারা তখন শিথিল ছিল। ফলে সে সময় তাঁর সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি। তিনি বলেছেন, চাকরি ছাড়লে আবার স্বপদে বহাল রাখা হবে।
সুজাউদ্দিন জোয়ার্দার আরও বলেন, কেন্দ্রীয় কমিটি সারা দেশের রুকনদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে তাঁকে পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তাঁর মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই।






