কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ শিক্ষাবর্ষে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার কার্যক্রম চলবে। গতকাল রোববার কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভোকেশনাল শিক্ষাক্রমে ভর্তি ও রেজিস্ট্রেশনের যোগ্য বলে বিবেচিত হবেন। ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। তবে বেসরকারি প্রতিষ্ঠান এবং দ্বিতীয় শিফটের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা হয়েছে।

বোর্ড নির্ধারিত ফির বিবরণ অনুযায়ী, শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ৪০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকাসহ মোট ৯৮ টাকা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক জমা দিতে হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১২ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে ডেটা এন্ট্রি ও পেমেন্ট সম্পন্ন করার সুযোগ রয়েছে। পরবর্তীতে ২৬ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্ড এবং চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রিন্ট করতে হবে।

প্রতিষ্ঠানের ডেটা এন্ট্রির স্বচ্ছতা নিশ্চিত করতে তিন সদস্যবিশিষ্ট একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে কারিগরি বোর্ড। এই কমিটি প্রতিষ্ঠানে রক্ষিত মূল ভর্তি ফরম ও সনদের সঙ্গে তথ্য যাচাই করে চূড়ান্ত সাবমিট করবে।

কারিগরি বোর্ড বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, রেজিস্ট্রেশনের ডেটা এন্ট্রির কাজে কোনোভাবেই শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। এছাড়া ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বোর্ডের অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করা প্রতিষ্ঠানগুলোই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে তার সমুদয় দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।