দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।

আজ সোমবার বেলা দুইটার পর থেকেই ঢাকার আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, আগামীকাল মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও কমতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু পুনরায় সক্রিয় হলে বৃষ্টি আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির প্রেক্ষাপটে আজ সোমবার দেশের ছয় বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আগামীকাল থেকে খুলনা ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা কমতে পারে। এছাড়া ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন জেলা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির তীব্রতা হ্রাস পেতে পারে।

বৃষ্টির তীব্রতা কমার অর্থ বৃষ্টি একেবারে চলে যাওয়া নয় বলে স্পষ্ট করেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ‘যে অতি ভারী বৃষ্টি হচ্ছে, তার পরিমাণ কমে যেতে পারে। কিন্তু এক–দুই পশলা বৃষ্টি হতেই থাকবে। একেবারে কমে যাবে না।’

রাজধানীর আবহাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, আগামীকাল ঢাকায় বৃষ্টি থাকলেও এর তীব্রতা আরও কমতে পারে। তিনি বলেন, “রাজধানীতে আগামীকাল রোদের মুখ দেখা যেতে পারে সামান্য সময়ের জন্য হলেও। আবার দু–এক পশলা বৃষ্টিও হতে পারে।” আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে, তবে এরপর আবারও বৃষ্টি বাড়তে পারে।

উল্লেখ্য, রাজধানীতে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মোট ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।