প্রচণ্ড গরমের মধ্যে শরীরে ১২৫টি টি-শার্ট পরে ম্যারাথন দৌড় শেষ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ। নির্ধারিত ছয় ঘণ্টার কম সময়ে এই চ্যালেঞ্জ সম্পন্ন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নিজের নাম লিখিয়েছেন তিনি।

রেকর্ড গড়ার নেশায় মগ্ন ডেভিড রাশ এর আগেও এই ধরনের কৃতিত্ব দেখিয়েছেন। ২০২৫ সালের ‘ফেমাস আইডাহো পটেটো হাফ ম্যারাথন’–এ ১৩৭টি টি-শার্ট পরে দৌড় শেষ করে রেকর্ড গড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এবার পূর্ণ ম্যারাথনে রেকর্ড গড়ার লক্ষ্য স্থির করেন তিনি। এই কঠিন চ্যালেঞ্জের জন্য গত কয়েক মাস ধরে ভারী ওজন নিয়ে এবং স্তরে স্তরে মোটা পোশাক পরে কঠোর অনুশীলন করেন রাশ।

অবশেষে গত ১৬ মে ‘ওয়াইএমসিএ ফেমাস আইডাহো পটেটো ম্যারাথন’–এ ১২৫টি টি-শার্ট পরে দৌড় শুরু করেন তিনি। তবে দৌড়ের মাঝপথে চরম সংকটের মুখে পড়েন রাশ। অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এবং সাথে থাকা বরফ ফুরিয়ে যাওয়ায় তিনি প্রায় অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ম্যারাথনের মাঝপথে একটি গলফ কোর্সে তাকে থামতে হয়। এরপর তাঁর এক সহকারী দ্রুত বরফ সংগ্রহ করে আনেন। রাশের ভাষায়, ওই বরফই তাঁকে হাসপাতালে যাওয়া থেকে বাঁচিয়েছে।

সব বাধা কাটিয়ে ৫ ঘণ্টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে ছয় ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল, যার শেষ হতে তাঁর হাতে বাকি ছিল মাত্র ৫ মিনিট ১০ সেকেন্ড।

দৌড় শেষে শরীর থেকে ১২৫টি টি-শার্ট খোলার প্রক্রিয়াকে শরীর থেকে ‘ভূত নামানোর’ মতো অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন রাশ। পোশাকের চাপে তাঁর পিঠ দেবে গিয়েছিল এবং ত্বকে লালচে দাগ পড়েছিল। ব্যবহৃত পোশাকগুলোর মোট ওজন ছিল প্রায় ৪৩ পাউন্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ১০০টি টি-শার্ট পরে পূর্ণ ম্যারাথন শেষ করার আগের রেকর্ডটি ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ডেভিড রাশ।