বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে কোনো বিতর্ক বা পুরনো ইতিহাস নিয়ে মাথা ঘামাতে নারাজ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে পরাজিত করার পর সামনে বড় প্রতিপক্ষ থাকলেও বেশ ধীরস্থিরভাবে কথা বলেছেন তিনি।
আগামী বুধবার রাতে আটলান্টায় সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল বিশ্বে এই দুই দলের লড়াই মানেই চরম উত্তেজনা। মাঠের লড়াইয়ের বাইরেও দুই দেশের দীর্ঘ রাজনৈতিক বিরোধের ইতিহাস রয়েছে। বিশেষ করে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় যা মালভিনাস দ্বীপপুঞ্জ নামে পরিচিত) নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং অতীতে যুদ্ধের স্মৃতি রয়েছে।
তবে রাজনীতিকে খেলার মাঠে টেনে আনতে চান না স্কালোনি। খেলাকে স্রেফ খেলার জায়গাতেই রাখতে চান তিনি। সেমিফাইনালের ম্যাচটি সম্পর্কে তাঁর স্পষ্ট বার্তা, ‘এটা শুধুই একটি ফুটবল ম্যাচ।’ প্রতিপক্ষের শক্তি স্বীকার করে তিনি আরও বলেন, ‘আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষের মুখোমুখি হব। তাদের একজন অসাধারণ কোচ আছেন। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’
কঠিন লড়াই পার করে সেমিফাইনালে উঠলেও দলের খেলায় আরও উন্নতির প্রয়োজন মনে করছেন স্কালোনি। এর আগে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল তাঁর দল। তবে খেলোয়াড়দের জয়ের তীব্র আকাঙ্ক্ষা তাঁকে স্বস্তি দিচ্ছে। এই বিষয়ে কোচ বলেন, ‘আমরা জিতেছি আমাদের জয়ের প্রবল ইচ্ছার কারণে। আসলে আমরা ম্যাচটি টাইব্রেকারে নিতে চাইনি। সেমিফাইনাল সত্যিই একটি বিশেষ কিছু। অনেক সময় আমরা এটিকে স্বাভাবিক বলে ধরে নিই, কিন্তু এখানে পৌঁছানো মোটেও সহজ নয়। তাই খুশি হওয়া, সন্তুষ্ট থাকা এবং রোমাঞ্চিত হওয়ার যথেষ্ট কারণ আছে।’
টুর্নামেন্টের শেষ পর্যায়টি সুন্দর করতে লড়াই করার বিকল্প নেই বলে মনে করেন স্কালোনি। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়ব। শরীরের শেষ শক্তি আর শেষ বিন্দু ঘাম দিয়ে চেষ্টা করব। যদি শেষ পর্যন্ত আমরা সফল হই, দারুণ হবে।’






