দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত করা হয়েছিল এবং চার শিশুর ক্ষেত্রে ছিল হামের উপসর্গ।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ রোববার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ে সারা দেশে আরও ৯৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৯০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটি ঢাকায় মারা গেছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় দুই এবং সিলেট ও বরিশালে একটি করে শিশু প্রাণ হারিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ৬৬৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই সময়ের মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৪ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৫০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৯৮০ জনে দাঁড়িয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৪৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।