টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি চললেও পরিস্থিতি থামছে না। আবহাওয়া অধিদপ্তর আজ রোববার দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। এই বৃষ্টি দেশের ছয়টি বিভাগে হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তাটি আজ দুপুর ১২টার দিকে দেওয়া হয়। এতে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, যদি কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলে। আর এর বেশি হলে তা অতি ভারী বৃষ্টি।

ইতিমধ্যে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ডুবে গেছে। রাজধানীতে গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টি অব্যাহত থাকায় রাত থেকে অঝোর ধারায় ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমেছে এবং কিছু স্কুলে পরীক্ষা বন্ধ রয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এত বৃষ্টি হচ্ছে। তবে শুরুটা হয়েছিল নিম্নচাপ দিয়ে।

বৃষ্টির প্রভাবে ইতিমধ্যে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালে দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের তিনটি নদ–নদীর পাঁচটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেগুলো হলো বান্দরবানের সাঙ্গু, সিলেটের কুশিয়ারা ও নেত্রকোনার সোমেশ্বরী। গতকাল পাঁচটি নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।