ওপেন সোর্সভিত্তিক অনলাইন ডিজিটাল শিক্ষার প্ল্যাটফর্ম মুডলের বৈশ্বিক সম্মেলন 'মুডলমুট'-এর আয়োজক দেশগুলোর তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার প্রথমবারের মতো ঢাকায় এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এবং মুডলের অংশীদার ব্রেইন স্টেশন ২৩।

মহাখালীর ব্রেইন স্টেশন ২৩-এর কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষা ও কর্মক্ষেত্রের শিখনব্যবস্থার বৃহৎ পরিসরের রূপান্তর।’ দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষা-প্রযুক্তি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবসম্পদ ও প্রশিক্ষণ ব্যবস্থাপক, প্রযুক্তি উদ্যোক্তা এবং নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ফিলিপিন ও অস্ট্রেলিয়া থেকে দুজন বিশেষজ্ঞ অনলাইনে যুক্ত হয়ে তাঁদের উপস্থাপনা প্রদান করেন।

আলোচনায় উঠে আসে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর কেবল ভবিষ্যতের ধারণা নয়, বরং এটি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রের বাস্তব অবকাঠামোর অংশ হয়ে উঠেছে। এটি একদিকে যেমন ব্যক্তিনির্ভর শিক্ষা ও কর্মীদের মানোন্নয়নে সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে শিক্ষক ও প্রশিক্ষকদের প্রশাসনিক কাজের চাপ কমিয়ে মূল লক্ষ্য অর্জনে সময় দিচ্ছে। বক্তারা আলোচনা করেন কীভাবে এআই শিখন ব্যবস্থাপনা সিস্টেম (এলএমএস)-এর সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, দক্ষতা মূল্যায়ন এবং বৃহৎ পরিসরে কর্মী উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করছে।

সম্মেলনের সূচনা করেন ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবীর। উদ্বোধনী পর্বে মুডলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট অ্যান্ডারবার্গ ভিডিও বার্তার মাধ্যমে জানান, কীভাবে এআই মুডলের মূল প্ল্যাটফর্মের অংশ হয়ে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা এবং কর্মী শিখনকে আরও কার্যকর করছে। তবে তিনি সতর্ক করে বলেন, ডোমেইন জ্ঞান ও প্রস্তুতি ছাড়া এআই ব্যবহার করা হলে, সেটি শেষ পর্যন্ত বৌদ্ধিক সমর্পণে (কগনিটিভ সারেন্ডার) পরিণত হতে পারে।

সম্মেলনে ফিলিপিনের নেফিলা ওয়েব টেকনোলজির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিল ভিলারোমান দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুডলভিত্তিক শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা তুলে ধরেন। ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এআই সক্ষম শিখন অবকাঠামো গড়ে তোলার প্রযুক্তিগত দিক, এলএমএসে এআই যুক্ত করার কৌশল, তথ্যনিরাপত্তা এবং স্কেলযোগ্য অবকাঠামো নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে ব্রেইন স্টেশন ২৩-এর মুডল দলের তৈরি এআই-সমৃদ্ধ বিভিন্ন ফিচার উপস্থাপন করা হয়।

কর্পোরেট খাতের অভিজ্ঞতা sharing করতে আরএকে সিরামিকসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, “কর্মীদের দক্ষতা উন্নয়ন, ধারাবাহিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের মূল্যায়নে এআই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। মুডলের মতো এআই সমৃদ্ধ সিস্টেমের ব্যবহার মাঝারি ও বড় প্রতিষ্ঠানে কর্মীদের দক্ষতা উন্নয়নে এখন আরও বেশি সুযোগ সৃষ্টি করেছে।”

সমাপনী অধিবেশনে মুডলের টেকনিক্যাল আর্কিটেক্ট এ কে এম সাফাত মুডলভার্সের ভবিষ্যৎ এবং আগামী দিনের গুরুত্বের বিষয়গুলো তুলে ধরে বিশ্বব্যাপী ডেভেলপারদের নির্দেশনা দেন। মুডলের এশিয়া-প্যাসিফিক ও কানাডা অঞ্চলের চ্যানেল ম্যানেজার ম্যাক্স এসপ্লে মুডলের সম্প্রসারণ এবং স্থানীয় অংশীদারদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে অংশ নেওয়া সিলেট থেকে আসা মুডল ডেভেলপার সাকিব হাসান বলেন, “এ ধরনের সম্মেলন নিয়মিত হলে সেটি তাঁর মতো আরও মুডল ডেভেলপারদের দক্ষতার উন্নয়ন ও নতুন সুযোগের সৃষ্টি করবে।” ‘এআই শিখুন’ প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তা আবদুল্লাহ আল ফাহিম জানান, এই সম্মেলন থেকে আগামী দিনের পথচলার জন্য বেশ কিছু বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন।

অনুষ্ঠানে আরও আলোচনায় অংশ নেন লিংক থ্রি টেকনোলজিসের পরিচালক রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক শফিউল আলম খান, ঢাকা ব্যাংকের কর্মকর্তা সাকলায়েন, ভেঞ্চার স্টুডিও বিশেষজ্ঞ প্রকৌশলী আদিল ফয়সল এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসানসহ অনেকে।

আয়োজক ব্রেইন স্টেশন ২৩-এর এসবিইউ প্রধান তাহমিনা খান জানান, “বাংলাদেশে প্রথমবারের মতো মুডল মুটের আয়োজন শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনের সফল বাস্তবায়ন নয়; বরং এটি দেশের ডিজিটাল শিক্ষা আন্দোলন, এআইনির্ভর দক্ষতা উন্নয়ন এবং ওপেন সোর্স এডটেক ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই বিবেচিত হবে।”