কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম নামের ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই এলাকার প্রবাসী নাছির উদ্দীনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যায় প্রবাসী নাছিরের ঘরে প্রায় হাঁটুপানি এবং উঠানে কোমরপানি ছিল। সেই সময় শিশুটিকে ঘরে রেখে বাইরে কাজ করছিলেন নাছিরের স্ত্রী। এরই মাঝে মায়ের অগোচরে শিশুটি বন্যার পানিতে ডুবে স্রোতের সঙ্গে ভেসে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর প্রায় ১২০ ফুট দূরে শিশুটিকে পাওয়া যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানান, উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।