সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারের সকাল থেকেই রাজধানীজুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শহরের বিভিন্ন স্থানে পানি জমে গেছে, যার ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ সর্বশেষ ছয় ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসে এর আগে এত স্বল্প সময়ে এত বৃষ্টি হয়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৃষ্টির মোট পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর আজ সকাল পৌনে আটটার দিকে মুক্তকণ্ঠকে বলেন, "রাজধানীতে সর্বশেষ ছয় ঘন্টায় অর্থাৎ গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এতটা বৃষ্টির রাজধানীতে এই সময়ে হয়নি।।"

তিনি আরও জানান, "গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে ৯৭ মিলিমিটার।"

সাগরে নিম্নচাপের প্রভাব, মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং বায়ুর চাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে বৃষ্টিপাত চলছে। এর ফলে ইতিমধ্যে সাতটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে, যদিও গতকাল সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে।

শরিফুল নেওয়াজ কবীর বলেন, "আজ রোববার রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে অবশ্য বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।"

গত কয়েকদিন ধরে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছিল, যা আজ সকালে আরও প্রকট হয়। ছোটখাটো গলির মুখেও পানি জমে থাকতে দেখা গেছে। বিশেষ করে বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউয়ের আড়ং মোড়, কারওয়ানবাজার, ধানমন্ডি এবং মিরপুরের কাজীপাড়াসহ রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে।