চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে তারা।
শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
একই সঙ্গে ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।






