রাজধানীর কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হায়দার হোসেন (৩৫) নামের এক বিদ্যুৎকর্মী প্রাণ হারিয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত হায়দার হোসেন বিদ্যুৎ অফিসের সহকারী লাইনম্যান (আউটসোর্সিং) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার গ্রামের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বসবাস করছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন হায়দার। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হায়দারের বোনের স্বামী শুক্কুর গাজী জানান, "অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন হায়দার। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, "মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।"






