যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ নামের ২৭ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ড সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

মির্জা ফাহিম আহমেদ কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল আজহার সময় দেশে ফিরে তিনি বিয়ে করেছিলেন মাত্র দেড় মাস আগে।

প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে লস অ্যাঞ্জেলেস পুলিশ বলেছে, দুটি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ফাহিম ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ব্যাপক চেষ্টার পর ফাহিম আহমেদকে গাড়ি থেকে বের করে আনা সম্ভব হলেও ততক্ষণে তিনি মারা যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য দুটি গাড়ির চালকও আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফাহিম প্রায় দেড় বছর আগে মা, বাবা ও ভাইয়ের সঙ্গে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁরা বাংলাদেশের রাজধানী ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা। মির্জা রবিউল আলম বাবুর ছেলে ফাহিম সম্প্রতি ঈদুল আজহার সময় বাংলাদেশে এসে বিয়ে করেন। যুক্তরাষ্ট্রে ফিরে এসে স্ত্রীকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য ইমিগ্রেশনে আবেদনও করেছিলেন তিনি।

নিহত ব্যক্তির এলাকার বাসিন্দা ও কমিউনিটি অ্যাকটিভিস্ট আতাউর রিপন মুক্তকণ্ঠকে বলেন, ‘দেশ থেকে ফিরেই ফাহিম তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়া শুরু করেছিলেন। এর মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর প্রাণ গেল। আমরা সবাই এ ঘটনায় গভীরভাবে শোকাহত ও বেদনাক্রান্ত।’

ফাহিমের ছোট ভাই মির্জা তামিম জানান, স্থানীয় সময় আজ শনিবার (১১ জুলাই) পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার কথা আছে। এরপর জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে।

তামিম আরও বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পরিবারের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি লস অ্যাঞ্জেলেস পুলিশও ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।