গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হলো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ৭৮৬ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৭০২ জন।

মৃত তিন শিশু ঢাকা, সুনামগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৬০ শিশুর মৃত্যু হয়েছে এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া ১৩ হাজার ৪১০ শিশুর ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ১১ জনে।

হাসপাতালের তথ্যে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ৮৯ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।