মার্কিন পপ সম্রাজ্ঞী টেইলর সুইফটকে নিয়ে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার সেই আবেগ এক অভাবনীয় পর্যায়ে পৌঁছেছে। গত ৩ জুলাই এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা। সেই বিয়ের অনুষ্ঠানস্থলের বাইরে পড়ে থাকা সাধারণ আবর্জনা এখন ভক্তদের কাছে মূল্যবান সংগ্রহযোগ্য স্মারক হয়ে উঠেছে। ‘সুইফটি’ হিসেবে পরিচিত এই তারকার ভক্তরা এসব বর্জ্য সংগ্রহ করতে ১০০ মার্কিন ডলার পর্যন্ত ব্যয় করছেন।
ব্যতিক্রমী এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগন্যাক। টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের দিন তিনি অনুষ্ঠানস্থল ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে অবস্থান করছিলেন। অতিথিরা বিদায় নেওয়ার পর রাস্তায় পড়ে থাকা বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী কুড়িয়ে নেন তিনি। পরবর্তীতে সেসব ছোট ছোট স্বচ্ছ প্লাস্টিকের কিউবে বায়ুরোধী অবস্থায় সিল করে বিক্রির জন্য উন্মুক্ত করেন। এই সংগ্রহের নাম দেওয়া হয়েছে ‘পকেট গারবেজ’।
মূল্য নির্ধারণের ক্ষেত্রে ছোট কিউবগুলোর দাম রাখা হয়েছে ২৫ মার্কিন ডলার এবং অপেক্ষাকৃত বড় কিউবগুলোর দাম ধরা হয়েছে ১০০ ডলার। দাম চড়া হলেও ভক্তদের প্রবল আগ্রহের কারণে দ্রুতই এসব কিউব বিক্রি হয়ে যাচ্ছে।
নিজের সংগ্রহ সম্পর্কে গিগন্যাক বলেন, ‘চারপাশ ঘুরে একটি রিং পপ (জনপ্রিয় ব্র্যান্ডের ফলের স্বাদের ললিপপ) পেয়েছি। একটি হারানো এয়ারপডও পেয়েছি। এমনকি একটি ওভুলেশন টেস্ট কিটও (ঘরে বসে নারীর সবচেয়ে উর্বর সময় বা ডিম্বস্ফোটনের দিনগুলো নির্ণয় করার অনুষঙ্গ) পেয়েছি।’
কুড়িয়ে পাওয়া এসব বিচিত্র বস্তু কিউবে ভরে এয়ারটাইট বা বায়ুরোধীভাবে সিল করা হয়েছে। শিল্পী জানিয়েছেন, এর ফলে এসব বস্তু থেকে কোনো দুর্গন্ধ ছড়াবে না এবং ভেতরের জিনিসগুলোও নষ্ট হবে না।
জাস্টিন গিগন্যাকের কাছে এই সংগৃহীত আবর্জনাগুলো কেবল ব্যবসার পণ্য নয়, বরং এক ধরনের শিল্পকর্ম। গত ২৫ বছর ধরে তিনি নিউইয়র্ক শহরের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে কিউবের ভেতর সংরক্ষণ করে আসছেন।
নিজের কাজের দর্শন ব্যাখ্যা করে গিগন্যাক বলেন, ‘মানুষ যেসব জিনিস উপেক্ষা করে বা ফেলে দেয়, সেসবের মধ্যেও সৌন্দর্য, আনন্দ আর বিস্ময় খুঁজে পাই। মাথায় একটি ধারণা এসেছিল, সেটিই বাস্তবায়ন করেছি।’
গিগন্যাকের নিজস্ব ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাস্টম স্মারকও পাওয়া যায়। এর আগে তিনি অনেক দম্পতির বিয়ের স্মৃতি যেমন—বিয়ের শপথের কপি, আংটির বাক্স কিংবা টেবিল নম্বর কিউবে সংরক্ষণ করেছেন।
সদ্য বিবাহিত এই তারকা দম্পতিকে নিয়ে শিল্পী বলেন, ‘টেইলর আর ট্রাভিস চাইলে তাঁদের জন্যও একটি বিশেষ কিউব তৈরি করে দিতে পারি।’
বিশ্বজুড়ে টেইলর সুইফটকে ঘিরে নানা উন্মাদনার খবর পাওয়া গেলেও, বিয়ের অনুষ্ঠানস্থলের আবর্জনা সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হওয়ার এই ঘটনাটি সম্ভবত সবচেয়ে বিস্ময়কর উদাহরণ হিসেবে জায়গা করে নিয়েছে।






