টানা কয়েক দিনের ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারের রুমঘাটা এলাকায় একটি মাটির দোতলা বাড়ির দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভবনটির বর্তমান ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনা করে তা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

আজ শনিবার দুপুরে মেয়র শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, "বাড়িটি আশপাশের মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ করতে হবে।"

মেয়রের এই নির্দেশের পর বাড়ির মালিক তাঁকে জানান, "তাঁরা দ্রুত ভাঙা দেয়াল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন।"

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাটির তৈরি দোতলা বাড়িটি দীর্ঘ দিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তবে সাম্প্রতিক কয়েক দিনের ভারী বৃষ্টিতে এর দেয়ালে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বাড়িটির সামনে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে।