বলিউড তারকা শাহরুখ খান ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সঙ্গে ফের যুক্ত হয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত সেই বাড়ির বাকি অংশও কিনে নিয়েছেন তিনি, যেখানে স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু হয়েছিল। এর ফলে এখন পুরো ভবনের একমাত্র মালিক শাহরুখ।

মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ আগে থেকেই ভবনের বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন। এবার তিনি প্রায় ৩৭ কোটি রুপিতে দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন। এই লেনদেনের মাধ্যমে পঞ্চশীল পার্কের পুরো বাড়ির মালিকানা এখন তাঁর হাতে এসেছে।

প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই বাড়ি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এই বাড়ির গুরুত্ব শুধু আর্থিক দিকেই সীমিত নয়; শাহরুখ-গৌরীর ব্যক্তিগত জীবনের সঙ্গেও এটি গভীরভাবে জড়িয়ে আছে। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তাঁদের দাম্পত্য জীবনের শুরু। তখন শাহরুখ মুম্বাইয়ে স্থায়ীভাবে যাননি এবং বলিউডেও প্রতিষ্ঠিত তারকা হয়ে ওঠেননি।

পরবর্তী সময়ে মুম্বাইয়ে গিয়ে অভিনয়জীবনের উত্থান শুরু হয়, আর সেই ধারাতেই তিনি ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা হয়ে ওঠেন। তবু দিল্লির এই বাড়ি তাঁদের জীবনের সেই শুরুর দিনগুলোর নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে।

গৌরী খান আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, এই বাড়ি তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা। পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার পাশাপাশি বহু স্মৃতি ধরে রাখার জন্যই বাড়িটিকে বিশেষভাবে সাজিয়েছেন তিনি। স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি! শাহরুখ বললেন, ‘একান্তে বললেই পারতেন!’.

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে ‘নস্টালজিয়া ওয়াল’—যেখানে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খানের শৈশবের নানা স্মারক, শাহরুখের আঁকা ছবি, পোস্টকার্ড, পুরোনো সংগ্রহ এবং পরিবারের প্রিয় উপহার সংরক্ষিত রয়েছে।