চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম ইসমাইল হোসেন। সে ওই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। ইসমাইল হোসেনের মৃত্যুর বিষয়টি সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বন্যার পানিতে ডুবে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






