৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁর হাত ধরেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এবার লিওনেল স্কালোনির সামনে হাতছানি দিচ্ছে নতুন এক ইতিহাস। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা। তবে স্কালোনির ভাবনায় কেবল শিরোপা জয় নয়, তিনি চান দলের জন্য এক চিরন্তন পরিচয় তৈরি করতে।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে স্কালোনি তাঁর মনের গভীরের এক ইচ্ছার কথা প্রকাশ করেন। স্কালোনি চান, তাঁর দলকে ট্রফি জয়ী হিসেবে তো বটেই, তার চেয়েও বড় ‘হার না মানা’ এক দল হিসেবে মনে রাখুক ফুটবল বিশ্ব।

সংবাদ সম্মেলনে কথা বলার সময় স্কালোনির কণ্ঠে ছিল আবেগের ছোঁয়া। আগের দিন আর্জেন্টিনার এক ১০ বছর বয়সী খুদে ভক্তের আবেগঘন বার্তার ভিডিও দেখে আপ্লুত হয়েছেন তিনি। সেই প্রসঙ্গ টেনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি চাই এই জাতীয় দলটাকে সবাই এমন একটা দল হিসেবে মনে রাখুক, যারা কখনো হাল ছাড়ে না। আমরা কোচিং স্টাফ, খেলোয়াড়েরা—সবাই এই ভালোবাসার জন্যই ফুটবল খেলি। আমরা শুধু একটা জয়ের জন্য খেলি না। যখন হৃদয় থেকে আসা এমন আবেগ দেখি, সেটা সত্যিই অসাধারণ।’

১০ বছরের সেই শিশুর ‘আর্জেন্টিনা’ চিৎকার স্কালোনিকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বিশ্বাস করেন, ট্রফির চেয়েও এই নিরেট আবেগ আর হার না মানার মানসিকতাই তাঁর দলের আসল উত্তরাধিকার। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব অনায়াসেই পার করলেও নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে সব বাধা পেরিয়ে লিসান্দ্রো মার্তিনেজ-এনজো ফার্নান্দেজরা এখন টানা ১১ ম্যাচে অপরাজিত।

সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ড যে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তা নিয়ে সতর্ক স্কালোনি। অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকার নেতৃত্বাধীন সুইসদের নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে ওদের দীর্ঘ ইতিহাস আছে। শারীরিকভাবে শক্তিশালী ও দারুণ অভিজ্ঞ সব খেলোয়াড় আছে ওদের দলে। তাই ম্যাচটা যে ভীষণ কঠিন হবে, তাতে কোনো সন্দেহ নেই। ওরা কলম্বিয়াকে হারিয়ে এসেছে, যারা এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছিল।’

সুইজারল্যান্ডের বাধা টপকাতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে।