বরিশালের আগৈলঝাড়ায় গুজব ছড়িয়ে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এই বর্বরোচিত ঘটনাকে দেশে মাথাচাড়া দিয়ে ওঠা নব্য ‘মব সংস্কৃতির’ বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে।
আজ শুক্রবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই সন্ধ্যায় চুরির মামলার আসামি রিয়াজ ফকিরকে (২৬) গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে পুলিশ। রিয়াজ মাদকাসক্ত ছিলেন। থানাহাজতে থাকাকালে তিনি নিজের মাথায় আঘাত করে জখম হন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরদিন ৯ জুলাই দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল লোক উত্তেজিত হয়ে আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও আক্রমণ করে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, গুজবনির্ভর এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপই নয়, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচারপ্রক্রিয়া ও জননিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি এবং প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। কোনো স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করা হয়।
সংগঠনটি দেশের সব নাগরিককে গুজবে বিভ্রান্ত না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ও সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, বরিশালে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।






