শিক্ষার্থীদের ডিজিটাল গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক। দেশটির জাতীয় শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক নতুন নির্দেশনা জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে শিক্ষার্থীদের ছবি ও ভিডিও প্রকাশ করতে নিষেধ করেছে। এই সংক্রান্ত পরিপত্র দেশের সব প্রাদেশিক শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে।

নতুন এই নির্দেশনার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমতি ছাড়া শিক্ষার্থীদের ছবি ব্যবহার করা এখন থেকে কঠোরভাবে নিষিদ্ধ। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের সঙ্গে সংগতি রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত সাইবার বুলিং এবং পরিচয় অপব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন তুরস্ক সরকার। শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ হলে তারা অনলাইন অপরাধীদের লক্ষ্যবস্তু হতে পারে বলে মনে করা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের অগোচরে ব্যক্তিগত তথ্যের অনাকাঙ্ক্ষিত ব্যবহার বন্ধ করাই মন্ত্রণালয়ের লক্ষ্য।

বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায়ই বিজ্ঞাপনের উদ্দেশ্যে শিক্ষার্থীদের ছবি ব্যবহার করে থাকে। এখন থেকে এই চর্চায় কঠোর বিধিনিষেধ মানতে হবে। এমনকি অভিভাবকের সম্মতি থাকলেও ছবির ব্যবহার হতে হবে মার্জিত এবং শিক্ষার্থীর মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ। এছাড়া এআই ব্যবহার করে যৌন নিপীড়নের শঙ্কা থাকায় অনলাইনে শিশুর ছবি দেওয়া নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় নিয়মিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করবে। যেসব প্রতিষ্ঠান এই গোপনীয়তা নীতি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিজ নিজ প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলপ্রধানদের ওপর।