কক্সবাজারের টেকনাফ সৈকত থেকে এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া এলাকায় জোয়ারের পানিতে কঙ্কালটি ভেসে আসে। বিষয়টি স্থানীয় বাসিন্দারা পুলিশকে অবহিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে মাথা ও পা বিহীন একটি অর্ধগলিত মরদেহ ভেসে এসেছিল, যার পরিচয় আজ বিকেল পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া গত বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের সৈকতে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় কোনো ট্রলারডুবির ঘটনা অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দিয়ে শাহপরীর দ্বীপে আসার পথে নৌকাডুবির কারণে এই মরদেহগুলো ভেসে আসতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সৈকতে কঙ্কালটি ভেসে আসার বিষয়টি নিশ্চিত করে শাহপরীরদ্বীপ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জীব বলেন, "মরদেহটি বেশ কয়েক দিন আগের। এ কারণে পচে কঙ্কাল হয়ে গেছে। কঙ্কালটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।"