গ্রীষ্মের আম দিয়ে তৈরি করা যায় দারুণ সব ডেজার্ট। তেমনই একটি মুখরোচক রেসিপি শেয়ার করেছেন দিল আফরোজ। তার দেওয়া রেসিপি অনুযায়ী আমের পসেট তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো: ২ টি পাকা আম, ২ কাপ হেভি ক্রিম বা হুইপিং ক্রিম, আধা কাপ চিনি, ২ টেবিল চামচ লেবুর রস এবং সামান্য লেমন জেস্ট ও সাজানোর জন্য আমের টুকরা।
প্রস্তুত প্রণালী:
প্রথমে আমের খোসা ও আঁটি ছাড়িয়ে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিতে হবে। এরপর একটি সসপ্যানে ক্রিম ও চিনি দিয়ে মাঝারি আঁচে গরম করতে হবে। চিনি গলে মিশ্রণটি ফুটতে শুরু করলে চুলা বন্ধ করে দিতে হবে। এবার এতে আমের পিউরি, লেবুর রস ও লেমন জেস্ট মিশিয়ে নিতে হবে।
সবশেষে মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ছোট গ্লাস বা বাটিতে ঢেলে নিতে হবে। এটি ঠান্ডা হলে সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে। পুরোপুরি জমে গেলে উপরে আমের টুকরা ও লেমন জেস্ট দিয়ে সাজিয়ে পরিবেশন করা যাবে।






