গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ শুক্রবার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা ঢাকা, সিলেট ও বরিশালে মারা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৯ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৯০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ শিশুর। এর মধ্যে ১৩ হাজার ৩২৬ শিশুর ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ২২৫ জন।

মৃত্যুর হিসাব বিশ্লেষণে দেখা যায়, ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মোট ৬৫৭ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৩ শিশু মারা গেছে।

চিকিৎসা সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।