চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের পরিচয় পাওয়া গেছে। তারা হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে আছে। এরই মধ্যে আজ বেলা সাড়ে ১১টার দিকে পাহাড় থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে বাড়ির উঠানে থাকা দুই শিশু ভেসে যায়। পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাদের মরদেহ উদ্ধার করেন।

ঘটনাটি নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম বলেন, "দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"

এই বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, "পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে ওই শিশুদের দাফনের ব্যবস্থা করা হবে।"