তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল আলোচিত চলচ্চিত্র ‘জন নায়গন’ মুক্তির অনুমতি পেয়েছে। তবে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিতে ১২টি পরিবর্তনের নির্দেশ দিয়েছে। এসব শর্ত মেনে নেওয়ার পর ছবিটিকে ‘এ’ বা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী হিসেবে সনদ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সেন্সর বোর্ডের পক্ষ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়।
সিবিএফসির তথ্য অনুযায়ী, সিনেমাটির মোট দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৩ মিনিট ১১ সেকেন্ড (১৮৩ মিনিট ১১ সেকেন্ড)। সেন্সর বোর্ডের কাঁচি চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে। এর মধ্যে রয়েছে ভারতের জাতীয় পতাকা নিচে পড়ে যাওয়ার একটি দৃশ্য বাদ দেওয়া এবং ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি-সংক্রান্ত একটি সংলাপ মুছে ফেলা বা পরিবর্তন করা। এ ছাড়া জেলা প্রশাসকের (ডিস্ট্রিক্ট কালেক্টর) কার্যালয়ের ব্যাজ অসম্মানজনকভাবে নিচে নামানোর একটি দৃশ্য বদলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি পূর্ণাঙ্গ সংলাপ মিউট করা এবং শিশু পুড়িয়ে দেওয়ার একটি দৃশ্য সরিয়ে সেখানে অন্য দৃশ্য যুক্ত করার শর্ত জুড়ে দিয়েছে বোর্ড।
সব মিলিয়ে সিনেমাটি থেকে ২০ সেকেন্ডের দৃশ্য পুরোপুরি বাদ এবং ১০ সেকেন্ডের একটি অংশ পরিবর্তনের নির্দেশ দিয়েছে সিবিএফসি।
পরিচালক এইচ বিনোথের এই রাজনৈতিক ড্রামা ঘরানার সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি পোঙ্গল উৎসব উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এর প্রধান কারণ, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয়। ছবির রাজনৈতিক প্রেক্ষাপটও দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
২০২৪ সালে নিজস্ব রাজনৈতিক দল গঠনের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেন বিজয়। পরবর্তী সময়ে নির্বাচনে জয়লাভ করে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিনেতা হিসেবে এটিই হতে যাচ্ছে বিজয়ের শেষ চলচ্চিত্র। প্রতিবেদনটি এনডিটিভি অবলম্বনে তৈরি করা হয়েছে।






