তীব্র গরমে এক টুকরো ঠান্ডা ললি আইসক্রিম মনে প্রশান্তি এনে দেয়। বাজার থেকে কেনা আইসক্রিমের বদলে ঘরে থাকা উপকরণ দিয়ে অনায়াসেই তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু আম-নারকেলের ললি। পাকা আম ও নারকেলের দুধের মিশেলে তৈরি এই আইসক্রিমের রেসিপি দিয়েছেন দিল আফরোজ।
প্রয়োজনীয় উপকরণ:
আমের স্তরের জন্য:
১. পাকা আমের পিউরি ১ কাপ
২. তরল দুধ ৩-৪ টেবিল চামচ
৩. চিনি ২-৩ টেবিল চামচ
নারকেলের স্তরের জন্য:
১. ক্যানের ঘন নারকেল দুধ ১ কাপ
২. সুগার সিরাপ বা চিনি ৩-৪ টেবিল চামচ
৩. ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ
প্রস্তুত প্রণালি:
প্রথমে ব্লেন্ডারে আমের পিউরি, দুধ ও চিনি দিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন। পপসিকল মোল্ডের অর্ধেক পর্যন্ত এই মিশ্রণ ঢেলে ১-২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন।
এদিকে নারকেলের দুধ, সুগার সিরাপ বা চিনি এবং ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে নিন। আমের স্তর হালকা জমে গেলে তার ওপর নারকেলের মিশ্রণ ঢেলে কাঠি লাগিয়ে দিন। আবার ৭-৮ ঘণ্টা বা সারা রাত ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিন।
পরিবেশনের আগে মোল্ডটি ৫-১০ সেকেন্ড পানিতে ডুবিয়ে ললি বের করে পরিবেশন করুন।






