গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন নেত্রকোনা জেলা সদরের বাসিন্দা মোবারক হোসেনের স্ত্রী মণি আক্তার (৩০), ছেলে মো. আরাফাত (৪) ও মেয়ে মাইশা (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবারক হোসেন শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে তিনি দেখেন, তাঁর স্ত্রী ও দুই সন্তান ঘরের মেঝেতে পড়ে কাতরাচ্ছেন। তাঁদের শরীরে ও ঘরে কীটনাশকের তীব্র গন্ধ ছিল এবং শিশুদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এই অবস্থায় তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যান।

স্বজনদের দাবি, পারিবারিক কলহের কারণেই মণি আক্তার প্রথমে তাঁর দুই সন্তানকে বিষ খাইয়েছেন এবং পরবর্তীতে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

ভাড়া বাড়ির মালিক বিউটি আক্তার জানান, প্রায় দুই মাস আগে মোবারক তাঁর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস শুরু করেন। তিনি আরও বলেন, "স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল।" তবে কলহের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

আক্রান্ত তিনজনকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বলরাম দাস জানান, "মা ও দুই শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মায়ের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে।"

ঘটনাটি সম্পর্কে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, "ঘটনাটি এখনো থানায় কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।"