টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন কয়েক শ পর্যটক। তবে আজ বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে তাঁদের মধ্যে ১৫০ জন পর্যটক সাজেক ছাড়তে সক্ষম হয়েছেন। মাচালং ও বাঘাইহাট বাজার এলাকার প্লাবিত সড়কগুলো নৌকায় পার করে তাঁদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
সাজেক কটেজ ও রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অতিবৃষ্টিতে দীঘিনালা-বাঘাইহাট-মাচালং-সাজেক সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। আজ বিকেলে প্রথম দফায় যাঁদের জরুরি কাজ ছিল, তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এই দলে ১০টি শিশু, ১০০ জন পুরুষ ও ৪০ জন নারী রয়েছেন।
সাজেক কটেজ ও রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মণ মুক্তকণ্ঠকে বলেন, ‘জরুরি কাজ ছিল, এমন একদল পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছে। তবে এখনো অনেক পর্যটক সেখানে অবস্থান করছেন। আমরা রিসোর্টের মালিকেরা তাঁদের বিনা মূল্যে থাকার ব্যবস্থা করে দিলেও বিপুলসংখ্যক মানুষের খাওয়ার খরচ দেওয়া সম্ভব হয়নি। খাবার খরচ পর্যটকদের নিজেদেরই বহন করতে হচ্ছে।’
পরিস্থিতি সম্পর্কে রাঙামাটি জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালমান জানান, সাজেকে আটকে পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০ জন ইতিমধ্যে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ত্যাগ করেছেন। সেখানে এখনো চার শতাধিক পর্যটক অবস্থান করছেন। বাকি যাঁরা আছেন, তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






