প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের জন্য বর্ষাকাল এক অনন্য সুযোগ। মেঘের নাটকীয়তা, বৃষ্টিস্নাত সবুজ প্রকৃতি কিংবা নদী-বিলের রূপ ক্যামেরাবন্দি করার জন্য এই ঋতুটি অত্যন্ত আকর্ষণীয়। তবে এই সময়েই ক্যামেরা ও লেন্সের জন্য তৈরি হয় সবচেয়ে বড় ঝুঁকি। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে যন্ত্রপাতিতে ফাঙ্গাস বা ছত্রাক জন্মানোর সম্ভাবনা থাকে, যা ছবির গুণমান নষ্ট করার পাশাপাশি ক্যামেরার স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

লেন্সের ভেতরে একবার ফাঙ্গাস ছড়িয়ে পড়লে তা পরিষ্কার করতে ব্যয়বহুল সার্ভিসিংয়ের প্রয়োজন হয় এবং অনেক ক্ষেত্রে তা পুরোপুরি দূর করা সম্ভব হয় না। তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। আপনার মূল্যবান সরঞ্জামগুলো সুরক্ষিত রাখতে অনুসরণ করুন এই ১২টি টিপস:

১. শুকনা পরিবেশে সংরক্ষণ: ক্যামেরা ও লেন্স সব সময় কম আর্দ্রতাসম্পন্ন স্থানে রাখুন। স্যাঁতসেঁতে ঘর, দেয়ালের কোনা বা বদ্ধ আলমারিতে দীর্ঘসময় রাখা থেকে বিরত থাকুন।

২. ড্রাই বক্স ব্যবহার: আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে ইলেকট্রনিক ড্রাই ক্যাবিনেট বা সাধারণ এয়ারটাইট ড্রাই বক্স ব্যবহার করা সবচেয়ে কার্যকর সমাধান।

৩. সিলিকা জেলের ব্যবহার: ক্যামেরা ব্যাগ বা ড্রাই বক্সে পর্যাপ্ত সিলিকা জেল রাখুন, যা আর্দ্রতা শোষণ করে সরঞ্জাম শুকনা রাখে। নির্দিষ্ট সময় পর পর সিলিকা জেল পরিবর্তন বা পুনরায় শুকিয়ে ব্যবহার করুন।

৪. নিয়মিত ব্যবহার: দীর্ঘদিন অব্যবহৃত থাকলে ফাঙ্গাসের ঝুঁকি বাড়ে। তাই সপ্তাহে অন্তত একবার ক্যামেরা চালু করুন এবং লেন্স ব্যবহার করুন, যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে।

৫. ব্যবহারের পর শুকিয়ে নেওয়া: বৃষ্টি বা আর্দ্র পরিবেশে ব্যবহারের পর শুকনা কাপড় দিয়ে ক্যামেরা ও লেন্স মুছে নিন। সরাসরি রোদে না রেখে হালকা বাতাসে স্বাভাবিকভাবে শুকাতে দিন।

৬. তাপমাত্রার হঠাৎ পরিবর্তন পরিহার: এসি রুমের মতো ঠান্ডা পরিবেশ থেকে হঠাৎ গরম ও আর্দ্র পরিবেশে গেলে লেন্সে জলীয় বাষ্প জমতে পারে। তাই সঙ্গে সঙ্গে ব্যাগ না খুলে কিছু সময় অপেক্ষা করুন যাতে যন্ত্রটি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।

৭. ব্যাগের পরিচ্ছন্নতা: অনেক সময় ক্যামেরা ব্যাগের ভেতরে জমে থাকা আর্দ্রতা থেকেই ফাঙ্গাস শুরু হয়। তাই ব্যাগ নিয়মিত পরিষ্কার ও শুকনা রাখা জরুরি।

৮. ভেজা হাতে ব্যবহার না করা: ভেজা হাতে ক্যামেরা বা লেন্স ধরলে আর্দ্রতা সরাসরি যন্ত্রাংশে প্রবেশ করতে পারে। ব্যবহারের আগে হাত শুকনা আছে কি না নিশ্চিত হয়ে নিন।

৯. লেন্স ক্যাপের ব্যবহার: কাজ শেষ হলে লেন্সের সামনের ও পেছনের ক্যাপ লাগিয়ে রাখুন। এতে ধুলাবালি ও আর্দ্রতা প্রবেশের ঝুঁকি কমে।

১০. দীর্ঘমেয়াদী সংরক্ষণে সতর্কতা: দীর্ঘ সময় ব্যবহার না করলে ব্যাটারি খুলে আলাদা করে রাখুন, যাতে লিকেজজনিত ক্ষতির আশঙ্কা না থাকে।

১১. ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ: যেসব এলাকায় আর্দ্রতা খুব বেশি, সেখানে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা উপকারী। এটি ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমিয়ে সরঞ্জাম রক্ষা করে।

১২. নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার: মাসে অন্তত একবার ক্যামেরা ও লেন্স পরীক্ষা করুন। লেন্সের ভেতরে সাদা জালের মতো দাগ, কুয়াশাচ্ছন্ন ভাব বা অস্বাভাবিক কিছু দেখলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

মনে রাখতে হবে, ভালো ছবি তোলার জন্য কেবল দক্ষতা যথেষ্ট নয়, সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণও সমান গুরুত্বপূর্ণ। বর্ষাকালে সামান্য সচেতনতা ও নিয়মিত যত্ন আপনার প্রিয় ক্যামেরা ও লেন্সকে দীর্ঘকাল নিরাপদ ও কার্যক্ষম রাখতে পারে।

লেখক: সিনিয়র আলোকচিত্রী ও প্রধান নির্বাহী, ফটোগ্রাফি–চর্চা