গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় দুই দিনের ব্যবধানে ১৪৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞাকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত সম্পন্ন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার সকাল থেকে কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার শ্রমিকেরা হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। ওই দিন কারখানার ৭৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাঁদের মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা সবাই বাড়ি ফিরে যান। তবে পরদিন বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর পুনরায় একই পরিস্থিতির সৃষ্টি হয় এবং আরও ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দুই দিনে সব মিলিয়ে ১৪৭ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রমিকদের এই গণ-অসুস্থতার বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে এটা মাসহিস্টিরিয়া হতে পারে। একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন, আবার সাধারণ চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে শ্রমিকদের কাউন্সেলিং করা যেতে পারে। এ ছাড়া কারখানার ভেতর তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রের স্থান পরিবর্তন করেও দেখা যেতে পারে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ করছে।’