যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এই ঘটনা ঘটে। নিহত মাহফুজুল হক জনপ্রিয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ডোরড্যাশ’–এর কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মাহফুজুল হককে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পাশেই তাঁর ব্যবহৃত গাড়িটি ইঞ্জিন চালু অবস্থায় ছিল এবং সেখানে ‘ডোরড্যাশ’–এর একটি বড় ডেলিভারি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

স্কট স্মল বলেন, গুলিবিদ্ধ মাহফুজুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘মাহফুজুল যেখানে পড়ে ছিলেন, তার কয়েক ইঞ্চির মধ্যেই রাইফেলের দুটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।’

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় কালো পোশাক পরা তিন মুখোশধারীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ কর্মকর্তা স্মল জানান, নিহত ব্যক্তি যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেখানে খোঁজ নিয়ে জানা গেছে যে ওই বাড়ির কেউ কোনো খাবার অর্ডার করেননি। এছাড়া ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে খাবারসহ আরেকটি ব্যাগ পাওয়া গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে সেটির কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে ‘ডোরড্যাশ’-এর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘এই অযৌক্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সহায়তা করার লক্ষ্যে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’

এনবিসি১০ ফিলাডেলফিয়া নিহতের নাগরিকত্ব নিয়ে সুনির্দিষ্ট তথ্য না দিলেও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে মাহফুজুল হক বাংলাদেশি বংশোদ্ভূত। পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের কাছে তথ্য সহায়তা চেয়েছে।