দক্ষিণি মেগাস্টার প্রভাসের আসন্ন চলচ্চিত্র ‘ফৌজি’-র শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন একটি বিষাক্ত পোকার কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুটিং চলাকালে পোকার কামড় খাওয়ার পর প্রাথমিকভাবে বিষয়টিকে গুরুত্ব দেননি রাজেশ শর্মা। তিনি হায়দরাবাদ থেকে কলকাতায় ফিরে অন্য একটি শুটিংয়ে অংশ নেন। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানা গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির কাছে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে উচ্চপর্যায়ের, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল স্বাক্ষরিত ওই বিবৃতিতে শুটিং সেটে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা-সংক্রান্ত নিয়মাবলি যথাযথভাবে পালন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, রাজেশ শর্মার অবস্থা গুরুতর হওয়ার পর তাকে কেন সঙ্গে সঙ্গে হায়দরাবাদের কোনো হাসপাতালে নেওয়া হয়নি? শুটিং সেটে জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত ছিল কি না এবং বাধ্যতামূলক স্বাস্থ্য ও কর্মক্ষেত্র-নিরাপত্তাবিষয়ক নিয়মগুলো অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্তে বের করে আনার দাবি জানায় সংগঠনটি। এআইসিডব্লিউএ আরও দাবি করেছে যে, তদন্তে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজেশ শর্মার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রযোজক ও প্রযোজনা সংস্থাকে বহন করার দাবিও জানানো হয়েছে।
রাজেশ শর্মা ভারতের বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের এক অতি পরিচিত মুখ। ‘খোসলা কা ঘোসলা’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট: এক প্রেম কথা’ এবং ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র মতো অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।






