যুক্তরাষ্ট্রের বিমান হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার ভোরের দিকে এই অভিযান চালানো হয় বলে বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় এ ধরনের হামলা চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোতেও পাল্টা আঘাত হানা হবে। আইআরজিসি এ হামলাকে ‘চুক্তিভঙ্গকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক জবাবের প্রথম ধাপ’ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে গতকাল বুধবার ইরানে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে তারা ইরানের অভ্যন্তরে মোট ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, মঙ্গলবার চালানো প্রথম দফার মার্কিন হামলায় তাদের আটজন সেনা নিহত হয়েছেন। তারা আরও জানায়, ওই দিনের মার্কিন হামলাগুলোর মূল কেন্দ্রবিন্দু ছিল পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালির উপকূলবর্তী এলাকাগুলো।

উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল বন্ধের হুমকি দিয়েছে ইরান। অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা ‘জঘন্য, অসুস্থ মানুষ’।