ইরানের ওপর আরও এক দফা বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দিবাগত রাতে পরিচালিত এই হামলায় ইরানের আহভাজ এলাকায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘মার্কিন বাহিনী ইরানের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌ সক্ষমতা এবং ইরানের উপকূলজুড়ে সামরিক রসদ অবকাঠামো।’

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে ইরানে নতুন করে চালানো হামলার ধারাবাহিকতায় সর্বশেষ এ হামলা চালানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল।

যুক্তরাষ্ট্রের এই নতুন হামলার পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। পাল্টা জবাব হিসেবে কয়েক ঘণ্টার ব্যবধানে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি যুক্তরাষ্ট্রের এই আকস্মিক হামলাকে যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। মঙ্গলবারের ওই পাল্টাপাল্টি হামলার ঘটনার পর ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজের কাছে মার্কিন হামলায় তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক উপ–গভর্নর ভালিউল্লাহ হায়াতি ইরনা-কে বলেন, ‘ভোরের দিকে ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোট আহভাজ শহরের উপকণ্ঠের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে।’

এদিকে সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে আজ রাতেও ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ খবর অনুযায়ী, দেশটির বন্দর আব্বাস ও চাবাহারে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।