গায়িকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি গত শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জীবনের এই বিশেষ অধ্যায় শুরুর পর ট্রাভিস কেলসি তাঁর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়ার সেই রোমাঞ্চকর মুহূর্তের স্মৃতিচারণ করেছেন।

গত ৮ জুলাই ট্রাভিস ও তাঁর ভাই জেসন কেলসি তাঁদের জনপ্রিয় পডকাস্ট ‘নিউ হাইটস’-এর সিজন ফিনালে প্রকাশ করেন। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এনএফএল তারকা টম ব্র্যাডি। ওই পর্বে ট্রাভিস জানান, ২০২৫ সালের ২৬ আগস্ট টেইলরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। পডকাস্টের একটি পর্ব রেকর্ড করার সময়ই এই বিশেষ পরিকল্পনাটি করেছিলেন কেলসি।

সেই সময়ের অনুভূতি ব্যক্ত করে ট্রাভিস বলেন, ‘নতুন সিজনের প্রথম পর্ব টেইলরকে দিয়ে শুরু করা ছিল দারুণ এক মুহূর্ত। তখনই আমি ঠিক করেছিলাম, রেকর্ডিং শেষে তাকে বিয়ের প্রস্তাব দেব। মাথায় কত কিছু যে ঘুরছিল।’

বিয়ের আয়োজনটি বিশাল পরিসরে হলেও এতে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে সবুজের ছোঁয়ায় একটি মনোরম বাগানের আদলে সাজানো হয়। বিয়ের পরবর্তী অনুষ্ঠানে গান পরিবেশন করেন কিংবদন্তি ব্যান্ড বিটলসের সদস্য পল ম্যাককার্টনি। তিনি গেয়েছেন জনপ্রিয় গান ‘আই ওয়ান্ট টু হোল্ড ইয়োর হ্যান্ড’। এ ছাড়া পারফর্ম করেন টেইলরের দীর্ঘদিনের বন্ধু ও প্রখ্যাত সংগীতশিল্পী স্টিভি নিকস।

অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ রুমাল রাখা হয়েছিল, যাতে আবেগঘন মুহূর্তে সেগুলো ব্যবহার করা যায়। পুরো অনুষ্ঠানজুড়ে নবদম্পতিকে বেশ আনন্দিত দেখা গেছে। অতিথিদের বিনোদনের জন্য ছিল বিভিন্ন খেলা ও র‍্যাফেল ড্র-এর ব্যবস্থা।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল এক হাজারের বেশি। ভ্যারাইটি জানিয়েছে, অতিথিদের কাছে ওয়াটারমার্কযুক্ত ডিজিটাল আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। সেই সঙ্গে তথ্যের গোপনীয়তা রক্ষায় একটি চুক্তিপত্রে (এনডিএ) স্বাক্ষর করতে হয়েছিল তাঁদের, যাতে অনুষ্ঠানের কোনো তথ্য বাইরে না আসে।

তারকাখচিত এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন এড শিরান, ব্র্যাডলি কুপার, জোয়ে ক্রাভিটজ, জ্যাক অ্যান্টোনফ, জিজি হাদিদ, ডাকোটা জনসন, ইথান হক, জেসন সুদেইকিস, হিউ গ্রান্ট ও ক্যামিলা কাবেইয়ো। এ ছাড়া ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, টম হ্যাঙ্কস, স্টিভেন স্পিলবার্গ, সাশা ব্যারন কোহেন, এএমসি থিয়েটার্সের প্রধান নির্বাহী অ্যাডাম অ্যারন এবং ডিজনির সাবেক প্রধান নির্বাহী বব আইগারসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি গোপনে এই অনুষ্ঠানে যোগ দেন।