তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনার ঘোষণা দেওয়ার পরপরই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আপত্তির কথা জানান তিনি।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, "যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ তুরস্কের কাছে বিক্রি করা উচিত হবে না। তুরস্ককে এই যুদ্ধবিমান দেওয়া মানে এই নয় যে দেশটি যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে যাবে। তবে তুরস্ক এমন একটি সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যারা মুসলিম ব্রাদারহুডের আদর্শে প্রভাবিত। আর ওই সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে।"

গত মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের এক ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ওই আলোচনার পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের তৈরি ‘লকহিড মার্টিন এফ–৩৫ লাইটনিং–২’ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন তিনি।

সিএনএন-এর সাথে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তাঁর চলমান বিরোধের বিষয়টিও সামনে আনেন নেতানিয়াহু। তিনি বলেন, "এরদোয়ান ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দেন। এফ–৩৫ পেলে পরিণতিতে তুরস্ক আরও ‘আগ্রাসী’ হয়ে উঠবে।" ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার আহ্বান তিনি সরাসরি ট্রাম্পকে জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ট্রাম্পের সঙ্গে তাঁর মতৈক্য রয়েছে দাবি করে নেতানিয়াহু বলেন, "তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে যা ভালো তা–ই করেন। আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। আমি ইসরায়েলের জন্য যা গুরুত্বপূর্ণ, তা–ই করি। আর বেশির ভাগ ক্ষেত্রেই এই দুই দেশের স্বার্থ এক।"