তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একটি ব্যক্তিগত রিভলবার ও তাজা গুলি উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের জন্য একই ধরনের উপহারের ব্যবস্থা করেন তুর্কি প্রেসিডেন্ট।
প্রতিটি আগ্নেয়াস্ত্রে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল। তবে প্রধানমন্ত্রী স্টারমারের নামাঙ্কিত এই রিভলবারটি এখনই যুক্তরাজ্যে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বর্তমানে এটি তুরস্কে অবস্থানরত ব্রিটিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে রয়েছে।
উপহার দেওয়া এই আগ্নেয়াস্ত্রটি নিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, “স্টারমারকে উপহার দেওয়া অস্ত্রটি যুক্তরাজ্যে ফেরত পাঠানোর আগে সেটি নিষ্ক্রিয় করা হবে। এর ফলে এটি দিয়ে আর কোনো তাজা গুলি ছোড়া সম্ভব হবে না।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপহার হিসেবে আগ্নেয়াস্ত্র দেওয়ার ক্ষেত্রে তুরস্কের রপ্তানি নিয়ন্ত্রণ আইন শিথিল করেছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তবে যথাযথ অনুমতি ছাড়া যুক্তরাজ্যে তাজা আগ্নেয়াস্ত্র আমদানি অবৈধ হওয়ায় এটি তুরস্কেই রেখে দেওয়া হয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে এখন পর্যন্ত এই রিভলবারের কোনো ছবি প্রকাশ করা হয়নি।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী স্টারমার ও প্রেসিডেন্ট এরদোয়ান একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষাচুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলন শেষে এক বিবৃতিতে স্টারমার জানান, এই আয়োজনের মধ্য দিয়ে ন্যাটো জোট আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে। স্টারমার বলেন, ‘এটি একটি সফল সম্মেলন ছিল। আমরা যা অর্জন করতে চেয়েছিলাম, তা পেরেছি, আর তা হলো জোটের ঐক্য। বিশেষ করে ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের এ সময়ে আমাদের এ ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।’
উল্লেখ্য, গত মাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কিয়ার স্টারমারের জন্য এটিই ছিল সর্বশেষ কোনো বড় আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ।






