প্রায় দুই দশক পর মিসরে মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম গিজার পিরামিড চত্বরে অনুষ্ঠিত হবে তাঁর এই বিশেষ পরিবেশনা।

এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে সর্বশেষ কনসার্ট করেছিলেন শাকিরা। দীর্ঘ ১৯ বছর পর আবারও সেই ঐতিহাসিক স্থানে দর্শকদের সামনে গান গাইবেন তিনি। বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল এই কনসার্টের আয়োজন করছে। প্রতিষ্ঠানটি এর আগে মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো তারকাদের কনসার্টের আয়োজন করেছে বলে জানা গেছে।

মিসরে কনসার্ট আয়োজন প্রসঙ্গে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘মিসরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে খুবই আনন্দিত। আপনাদের সবাইকে ভালোবাসি।’

মিসরের এই আয়োজনের আগে মধ্যপ্রাচ্যের আরও দুটি অনুষ্ঠানে অংশ নেবেন এই গায়িকা। তাঁর ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ১৮ নভেম্বর কাতারের দোহায় পারফর্ম করবেন তিনি। এরপর ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘অফলিমিটস মিউজিক ফেস্ট ২০২৬’-এ মঞ্চে উঠবেন শাকিরা। সবশেষে ২৮ নভেম্বর গিজার পিরামিড চত্বরে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘শাকিরা লাইভ অ্যাট দ্য পিরামিডস অব গিজা’।

এদিকে বর্তমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে নতুন গান ‘ডাই ডাই’ প্রকাশ করেছেন শাকিরা। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে গ্যালারিতেও তাঁকে দেখা যাচ্ছে।