সরকারি খাতের সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে দুই পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বেসরকারি পেশাজীবী এই দুই পরিচালককে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকটিতে সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যক্তিত্বদের যুক্ত করা হলো। নতুন এই দুই পরিচালক হলেন কে এম জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।
নতুন পরিচালক কে এম জাকারিয়া একজন সিনিয়র বিজনেস, ফাইন্যান্স ও সাপ্লাই চেইন এক্সিকিউটিভ। বর্তমানে তিনি বাংলালিংকে স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে কর্মরত এবং একই সঙ্গে নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। টেলিযোগাযোগ, এফএমসিজি, ম্যানুফ্যাকচারিং ও আর্থিক সেবা খাতে তাঁর ৩০ বছরের বেশি সময় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
অন্য পরিচালক মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী একজন হিসাববিদ। বর্তমানে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম কেএম আলম অ্যান্ড কোম্পানির একজন অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক। পাশাপাশি জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবে যুক্ত আছেন। দেশি ও বিদেশি শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিতে তাঁর ২৫ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে নিয়ে গঠিত এই সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবেদুর রহমান সিকদার চলতি সপ্তাহে দায়িত্ব নেবেন। সরকারের পক্ষ থেকে এমডি নিয়োগের পর বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তাঁর নিয়োগ অনুমোদন করেছে। নতুন এমডি দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।






