জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না। শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল, সবাই খারাপ; কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ হতে দেব না। বিএনপির অনেকেই খারাপ; কিন্তু তারেক রহমান তো ভালো।’
বুধবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এক পদযাত্রা পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগের নেতা–কর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরপরাধ ভাইদের ওপরে জুলুম করে, এই দায়ও আপনাকে নিতে হবে। আপনি কোনো দায় এড়াতে পারবেন না।’
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেতা থেকে শুরু করে যে দলের কর্মী পর্যন্ত ভালো, যাঁরা চাঁদাবাজি করে না, জমি দখল করে না, লুটপাট করে না, ক্ষমতার অপব্যবহার করে না, তাঁদের সঙ্গেই আপনাদের থাকতে হবে। আমরা চাই আপনারা ভবিষ্যতে আপনাদের এই বিবেকবোধটাকে কোনো দলের কাছে আর বিক্রি করে দেবেন না, আপনারা বিবেকবোধটা কোনো দলের কাছে বন্ধক দেবেন না। কোনো মার্কার কাছে বন্ধক দেবেন না। একটা জিনিস শুধু মনে রাখতে হবে, এই বাংলাদেশে আপনার–আমার ভোট বাংলাদেশ কারা চালাবে সেই সিদ্ধান্ত নেয়। আমরা যদি অন্ধভাবে দাস হয়ে কোনো দল–মার্কার সমর্থন করি, তাহলে আগামীর বাংলাদেশে পরিবর্তন কোনো দিন সম্ভব নয়।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশ নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানকে শেখ হাসিনা নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছেমতো অপব্যবহার করেছেন। আমরা চাই বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের আইনশৃঙ্খলার যত প্রতিষ্ঠান আছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন ইনশা আল্লাহ। মনে রাখবেন, প্রতিটি দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে; কিন্তু আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন, পেশাদারি বিসর্জন দেন, তাহলে আপনি কোনো দিন বাইরে যা–ই হোক না কেন, নিজের বিবেকের কাছে, মনের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।’
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান শাওন এবং সদস্যসচিব মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়। কালিহাতীর কর্মসূচি শেষে এনসিপি নেতৃবৃন্দ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে পদযাত্রা ও পথসভায় অংশ নেন।






