চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ঝড় ও প্রবল বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার তানচাং কাউন্টির একটি উপত্যকায় ভূমিধসের এই ঘটনাটি ঘটে। এতে অন্তত ৩৩ জন মাটির নিচে চাপা পড়েন। জানা গেছে, চাপা পড়া ব্যক্তিদের অধিকাংশই স্থানীয় গ্রামবাসী ছিলেন, যারা রাষ্ট্রায়ত্ত একটি বন খামারে অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে খাড়া উপত্যকা এবং নদ-নদীর জালের মতো ছড়িয়ে থাকা এই পার্বত্য অঞ্চলটি বর্ষাকালে আকস্মিক বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া আজ জানিয়েছে, "ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।"

তানচাংয়ের এই ঘটনার পাশাপাশি মধ্য ও দক্ষিণ চীনের বিভিন্ন এলাকায় আবহাওয়াজনিত দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। বিশেষ করে টাইফুন ‘মাইসাক’–এর প্রভাবে এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এটি চলতি বছরে চীনে আঘাত হানা প্রথম ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণের গুয়াংসি অঞ্চলে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় আরও প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।