গত শুক্রবার সন্ধ্যায় চরকির কার্নিভ্যালে স্ত্রী রোবেনা রেজাসহ প্রবেশ করেন অভিনেতা মোশাররফ করিম। আসন গ্রহণের আগেই তাঁকে দেখে পেছনে তাকান আরেক অভিনেতা জাহিদ হাসান। সঙ্গে সঙ্গে জাহিদ হাসান হেসে বললেন, ‘মোশাররফ, তোকে যে আমি কী করব।’ এতে কিছুটা ঘাবড়ে গেলেন মোশাররফ করিম—আর ঘটনাটাই তখন হয়ে ওঠে আলোচনার কেন্দ্র।
কৌতূহল নিয়ে মোশাররফ করিম বললেন, ‘ভাই, কেমন আছেন?’ এরপর তাকিয়ে থাকলেন জাহিদ হাসানের দিকে। এবার জাহিদ হাসান বললেন, ‘তোর অভিনয় অসাধারণ হয়েছে, ভাই। আমি মুগ্ধ। পুরো সিনেমাটি আমাকে ইমোশনাল করেছে। আমি তোর অভিনয় দেখে কেঁদে ফেলেছি। আরও ভালো অভিনয় কর, তোর জন্য সব সময় দোয়া ও ভালোবাসা।’
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া মূলত তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়েই দুই গুণী অভিনেতার কথাবার্তা এগোয়। মোশাররফ করিমের পছন্দের অভিনেতাদের একজন জাহিদ হাসান—তাঁর কাছ থেকে এমন প্রশংসা শুনে কিছু সময় থেমে যান মোশাররফ করিম। পরে তিনি বলেন, ‘আপনার ভালো লাগছে জেনে খুশি হয়েছি। আপনার কাছ থেকে এমন মন্তব্য আমার জন্য সম্মানের।’ তারপর মোশাররফ করিম আরও বলেন, ‘জাহিদ ভাই আপনার সঙ্গে অনেক দিন কথাও হয় না। আপনার শরীর ভালো?’
এ সময়ও মোশাররফ করিম দম্পতি তখনো আসন গ্রহণ করেননি। জাহিদ হাসান তাঁদের বসতে বললেন। সামনের সিট থাকার পরেও জাহিদ হাসানের পেছনে সারিতে বসেন মোশাররফ করিম। বসার পরই জমে ওঠে ক্ষণিকের আড্ডা। জাহিদ হাসান বলেন, ‘তোর অভিনয় দেখে আমি এতটাই ইমোশনাল হয়েছি যে তোকে এসএমএস করে জানিয়েছি। তুই মনে হয় দেখিস নাই।’ কথার সূত্র ধরে দেখা যায়—জাহিদ হাসানের এসএমএস করা নম্বরটি মোশাররফ আর ব্যবহার করেন না। এরপর তাঁরা একে অন্যের নম্বর নেন।
‘আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে কেন লিখবেন না’—সুনেরাহ্কে পেয়ে বললেন রাজ।
পরে কথা হয় জাহিদ হাসানের সঙ্গে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছে। আমি মুগ্ধ হয়েছি। আমার যেটা ভালো লেগেছে, সেটাই মোশাররফকে বলেছি।’ এ সময় দীর্ঘনিশ্বাস নিয়ে জাহিদ হাসান বলতে শুরু করেন, ‘আমাদের এখানে তো বদনাম ছাড়া তেমন ভালো কিছু কেউ সহকর্মীকে নিয়ে বলে না। সমালোচনা তো কেউ নিতেই পারে না। আমার কাছে মোশাররফ করিম, রাজ—সবার অভিনয় ভালো লেগেছে। পুরো সিনেমাটাই মুগ্ধ করেছে। সিনেমাটি দেখে আমি কেঁদেছি, বারবার ইমোশনাল হয়েছি। সেটাই মোশাররফকে সামনে পেয়ে বললাম।’






