চাঁদপুরের তিন নদীর মোহনায় মেঘনার তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৫ হাজার ২০০ বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ উল্টে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুরান বাজার ঘাটসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হলেও কার্গোতে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
দুর্ঘটনার বিবরণ দিয়ে কার্গোটির চালক এরশাদ মাঝি বলেন, "গতকাল মঙ্গলবার পাবনা থেকে ৩ হাজার ৮০০ বস্তা চাল ও ১ হাজার ৪০০ বস্তা ধান নিয়ে ‘পারবো’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। আজ সকালে পুরান বাজার ঘাটের কাছে পৌঁছালে তিন নদীর মোহনায় তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে এটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে কার্গোটি উল্টে যায়।"
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় কার্গোতে থাকা পাঁচ শ্রমিক দ্রুত সাঁতরে তীরে ওঠেন। পরবর্তী সময়ে উল্টে যাওয়া কার্গোটি টেনে ডাকাতিয়া নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়েছে।
ব্যবসায়িক ক্ষতির বিষয়ে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী বলেন, "ডুবো যাওয়া ধান ও চাল পুরান বাজারের সাত ব্যবসায়ীর। প্রাথমিক হিসাবে এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।"
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, "কার্গোডুবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য তাঁদের কাছে পৌঁছেনি।"
এদিকে বিআইডব্লিউটিএ চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।






