ইয়ান রাইট আর্সেনাল কিংবদন্তি এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা ফরোয়ার্ড। তাঁর দাবি, মিসরের বিপক্ষে গতকাল রাতে আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল। কারণ? মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হয়েছিলেন বলে মন্তব্য করেন সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড।

আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর এ ম্যাচে মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু ৭৯ মিনিটের পর পরবর্তী ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ৩ গোল করে ম্যাচটি অবিশ্বাস্যভাবে জিতে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

.

যোগ করা সময়ে (৯০+২) আর্জেন্টিনার শেষ গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এই গোলটির উৎসে সালাহ ফাউলের শিকার হন বলে দাবি করেন রাইট। ইংল্যান্ডে আইটিভি স্পোর্টে ম্যাচ বিশ্লেষকের দায়িত্ব থাকা রাইট বলেন, ‘ভিএআরের ক্ষেত্রে এখন এটাই ঘটছে, তারা পেছনে ফিরে দেখছে।’

রাইট যোগ করেন, ‘যদি আর্জেন্টিনার ক্ষেত্রে বক্সের প্রান্তে ফাউলের জন্য আগের ঘটনা টেনে এনে গোল বাতিল করতে পারেন, তবে সালাহর ঘটনার জন্যও আপনাকে আগের ঘটনা টেনে দেখতে হবে। তাকে আঘাত করা হয়েছে। আমরা যা-ই বলি না কেন, আঘাতটি হয়তো সামান্য ছিল, কিন্তু তাকে আঘাত করা হয়েছে এবং এরপরই তারা মাঠের অপর প্রান্তে চলে যায় (গোল করে)।’

.

ম্যাচের ৬৮ মিনিটে মিসরের মোস্তফা জিকোর গোল বাতিল নিয়েও বিতর্ক চলছে। সেই গোলের উৎসে ডান উইংয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের কাছ থেকে বল কাড়েন মিসরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া। জার্সি টেনে ধরার পাশাপাশি মার্তিনেজের পায়ের ওপর পা তুলে দিয়েছিলেন আত্তিয়া। তবে চ্যালেঞ্জটি কতটা মারাত্মক ছিল কিংবা ফাউল ধরার মতো ছিল কি না, তা নিয়ে প্রশ্ন আছে। ভিএআরের হস্তক্ষেপে সেই চ্যালেঞ্জকে ফাউল করে গোল বাতিল করা হয়।

.বিশ্বকাপে দেয়ালে পিঠ ঠেকার পর যতবার ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা.

লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার ভিএআরের হস্তক্ষেপের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আমি বলতে পারি, এটি যদি অন্য কোনো দলের বিরুদ্ধে হতো, তবে এটিকে (মিসরের গোল) গোল হিসেবেই গণ্য করা হতো। এটি যদি প্রিমিয়ার লিগ, লা লিগা বা সিরি আতে হতো, তবে ভিএআর পর্যালোচনার পরও এটি গোলই থাকত। শেষ দিকে এসে এই টুর্নামেন্টে প্রচুর অধারাবাহিকতা দেখা যাচ্ছে।’

.

ইংল্যান্ড ও নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার এক্সে বিবিসির প্রতিবেদক ডেল জনসনের একটি পোস্ট রি–টুইট করেন। জনসন তাঁর পোস্টে লেখেন, ‘মিসরের বাতিল হওয়া গোলটি এই টুর্নামেন্টে যেভাবে রেফারিং করা হয়েছে, তার সম্পূর্ণ পরিপন্থী। আপনি একদিকে সামান্য স্পর্শের জন্য ফাউল দেবেন না এবং তারপর সামান্য জার্সি টেনে ধরার মতো একটি ঘটনার জন্য ভিএআরের মাধ্যমে গোল বাতিল করবেন।’

শিয়ারার জনসনের এই পোস্ট রি–টুইট করে তাঁর পোস্টে লেখেন, ‘হয় দুটিই ফাউল, না হয় একটিও ফাউল নয়। কিন্তু তারা আমাদের বলেছিল যে তারা নতুন করে রেফারিং (মাঠের রেফারির সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন) করবে না।’

.কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি