শৌখিন কৃষিকাজে অভাবনীয় সাফল্য অর্জন করে দুটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাজ্যের এক কৃষক। নিজের বাগানে গ্রীষ্মকালীন সবজি ফলিয়ে তিনি বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছেন। তার এই অর্জনের মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে ৩ পাউন্ডের (প্রায় দেড় কেজি) বেশি ওজনের একটি অতিকায় রসুন।
গত ২৫ জুন গ্লুচেস্টারশায়ারের কৃষক গ্রাহাম ব্যারাট ইংল্যান্ডের বার্কশায়ারে অবস্থিত ওয়ারগ্রেভ নার্সারি প্ল্যান্ট সেন্টারে যান। মূলত তার ফলানো সবজিগুলোর ওজন ও মাপজোক আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার উদ্দেশ্যেই সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। গ্রাহাম ‘এলিফ্যান্ট গার্লিক’ জাতের একটি বিশাল রসুন ফলিয়েছেন, যা সাধারণ মুদিদোকানে পাওয়া রসুনের তুলনায় প্রাকৃতিকভাবেই আকারে বড় হয়।
ওজন মাপার যন্ত্রে দেখা যায়, রসুনটির ওজন ৩ পাউন্ড ১৩ দশমিক ৭ আউন্স। এছাড়া ফিতা দিয়ে মেপে এর ব্যাস পাওয়া যায় সাড়ে ৭ ইঞ্চি। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে ভারী ‘এলিফ্যান্ট গার্লিক’ বা রসুন ফলানোর চূড়ান্ত স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন তিনি।
একই দিনে দ্বিতীয় আরেকটি বিশ্ব রেকর্ডও অর্জন করেন গ্রাহাম ব্যারাট। তিনি দশমিক ৯৮ আউন্স ওজনের একটি ‘সুইডিশ এয়ারলুম স্নো পি’ (একজাতের মটরশুঁটি) ফলান, যা বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ফসলের মৌসুমেও আরও চারটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন এই কৃষক। সেই সাফল্যের তালিকায় ছিল ৬ পাউন্ড ৩ দশমিক ৫ আউন্স ওজনের বিশ্বের সবচেয়ে ভারী ধুন্দুল (লুফা) এবং ৭ ইঞ্চি লম্বা একটি মটরশুঁটি।






